খুলনা

নড়াইলে মনোনয়ন জমার হিড়িক, দুই আসনে লড়ছেন ২৪ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন দাখিল করা হয়।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম জানান, নড়াইল-১ আসনে ১৫ জন এবং নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে আচরণবিধি মেনে মনোনয়ন দাখিল করেন।

 

নড়াইল-১ আসনে বিএনপি থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জামায়াতে ইসলামী থেকে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন ও লেফট্যানেন্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেনসহ ১৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

অন্যদিকে, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এবং জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে অন্যান্যদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন।

 

মনোনয়ন জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে এলাকায় ব্যাপক নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



সম্পর্কিত খবর