খুলনা

নড়াইলের দুই আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৯

নড়াইলের দুটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩ প্রার্থীর আবেদন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি দুই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

 

নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মুহাম্মদ আবদুল ছালাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন নথিপত্রে অসংগতি, হলফনামায় ত্রুটি ও তথ্যের অপূর্ণতা থাকায় এসব মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।

 

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে নড়াইল-১ আসনে রয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি), মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (জামায়াতে ইসলামী) এবং মাওলানা আব্দুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)। এই আসনে জাতীয় পার্টির মিলটন মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী বি এম নাগিব হোসেনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

 

নড়াইল-২ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (বিএনপি), আতাউর রহমান বাচ্চু (জামায়াতে ইসলামী), অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (ইসলামী আন্দোলন), মনিরুল ইসলাম (স্বতন্ত্র-বিএনপি), আব্দুল হান্নান সরদার (খেলাফত মজলিস) ও শোয়েব আলী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)। এ আসনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

বাছাই অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে।



সম্পর্কিত খবর