বরিশাল

পুকুর থেকে পানি তুলতে গিয়ে প্রাণ হারালেন দুই সন্তানের মা

পটুয়াখালীর বাউফলে পুকুর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে ডুবে মরিয়ম বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মরিয়ম ওই এলাকার সুজন সিকদারের স্ত্রী। তিনি ১১ ও ৩ বছর বয়সী দুই পুত্রসন্তানের জননী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গৃহস্থালি কাজের জন্য বাড়ির পাশের পুকুরে বালতি দিয়ে পানি ভরতে যান মরিয়ম। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মরিয়ম বেগমের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার পর দীর্ঘক্ষণ শ্বাসরুদ্ধ হওয়ায় তার মৃত্যু ঘটে।

 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।



সম্পর্কিত খবর