রংপুর

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন পঞ্চগড়ের ১৮ কারাবন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারের ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ১২ জন কয়েদি এবং ৬ জন হাজতি রয়েছেন, যাদের জন্য কারাগারের অভ্যন্তরেই বিশেষ বুথ স্থাপন করা হবে।

কারাগার সূত্র জানায়, বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে মোট ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। ভোটার হিসেবে নিবন্ধিত ১৮ জন পুরুষ বন্দির মধ্যে ১৬ জন স্থানীয় বাসিন্দা এবং বাকি দুইজন দিনাজপুর ও বগুড়া জেলার ভোটার। কারাবন্দিদের পাশাপাশি কারাগারের ৫৫ জন কর্মকর্তা-কর্মচারীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

চাকুরিকালীন প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হাবিলদার মেরাজুল ইসলাম। তিনি জানান, দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে এটিই তার প্রথম এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, "১৮ জন কারাবন্দি ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট গ্রহণের সুবিধার্থে কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে।"

পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৯ জন পুরুষ এবং ২ হাজার ১৩০ জন নারী ভোটার রয়েছেন।



সম্পর্কিত খবর