ফ্যাসিবাদ প্রতিরোধ ও রাষ্ট্র সংস্কারে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবুর হাটে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রযন্ত্রে জং ধরেছে, এটি সংস্কার করা এখন সময়ের দাবি। এক ব্যক্তির শাসনব্যবস্থা যেন ফ্যাসিবাদে রূপ না নেয়, সেটি নিশ্চিত করতেই আমাদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আগামী তিন দিন পর নির্ধারিত হবে দেশ কি পুরোনো পথেই চলবে, না কি নতুন সংস্কারের পথে এগোবে।”
দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থান এবং ৫০ লাখ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করব। কৃষকদের জন্য থাকবে বিশেষ কৃষি কার্ড, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ করা হবে।”
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা এ দেশেরই সমান নাগরিক। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। মনে সাহস রাখুন, আমি আপনাদের পাশে আছি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান আধুনিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি। দেশ ও জাতির উন্নয়নে তারুণ্যের এই নতুন নেতৃত্বকেই সমর্থন জানানো প্রয়োজন।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।