ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদের কাছে পৃথকভাবে তাঁরা এই মনোনয়নপত্র জমা দেন।
দুপুর ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (মনি) তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হাসান, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী রুহুল আমিন শরীফ এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে একই আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, জামায়াতে ইসলামীর বামনা উপজেলা আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান ও সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুর।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনা-২ আসনে নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।