আজ বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার ওপর একটি সমন্বিত মহড়ার আয়োজন করা হয়। এই মহড়ায় জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া, মেজর জেনারেল এম খায়রুল উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
উল্লেখ্য, ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য গত ০২ ডিসেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১২০ জন ব্যক্তিবর্গকে বিষয়ভিত্তিক আলোচনা ও কর্মশালার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিরূপণ, কার্যপ্রণালী প্রণয়ন ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সাধনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থেকে অংশগ্রহণকারী ৩৭৫ জন মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের গত ০২ ডিসেম্বর থেকে ০৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের ওপর মাঠ পর্যায়ে বিভিন্ন দলভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই সমন্বিত মহড়াটি দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সংস্থার প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।