জাতীয়

বসন্ত ও ভালোবাসার মোহনায় প্রকৃতি, শেকড় আর আবেগের উৎসব

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের যুগলবন্দিতে আজ উৎসবের রঙে মেতেছে দেশ। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির নবজাগরণ আর বিশ্বজনীন ভালোবাসার আবহে পালিত হচ্ছে দিনটি। একদিকে ঋতু উৎসবের শেকড় সন্ধানী আনন্দ, অন্যদিকে প্রিয়জনকে শ্রদ্ধা ও মমতা প্রকাশের আকাঙ্ক্ষায় মুখর রাজধানীসহ সারা দেশের জনপদ।

 

রাজধানীর রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে গান, নৃত্য ও কবিতার আশ্রয়ে বসন্তকে বরণ করে নিচ্ছেন সংস্কৃতিপ্রেমীরা। লাল ও হলুদের বর্ণিল বসনে পথে নেমেছে উৎসবমুখর মানুষ। বসন্ত কেবল ঋতুর পরিবর্তন নয়, বরং অশুভকে পেছনে ফেলে নতুন করে পথচলার বার্তাবাহী এক সাংস্কৃতিক অনুষঙ্গ।

 

একই দিনে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ভালোবাসা দিবস। তবে এবারের আয়োজনে ভালোবাসার সংজ্ঞাকে কেবল ব্যক্তিগত আবেগে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লষকরা। পরিবারে শ্রদ্ধা, বন্ধুত্বে বিশ্বস্ততা এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভালোবাসার বিস্তৃত রূপ ফুটে উঠছে জনমানসে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সম্পর্কের ভঙ্গুরতা রোধে বসন্তের ধৈর্য ও ভালোবাসার সহমর্মিতা অত্যন্ত জরুরি। উৎসবের পোশাক ও আড়ম্বরের আড়ালে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা এবং সৌজন্যবোধই এই দিনটির মূল প্রতিপাদ্য। প্রকৃতির উদারতা থেকে শিক্ষা নিয়ে এক দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে আজ পালিত হচ্ছে বসন্ত ও ভালোবাসা দিবস।



সম্পর্কিত খবর