বরিশাল

বাউফলে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন

বাউফল উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের মূল কেন্দ্রে অবস্থিত হাসান দালাল মার্কেটে উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ আব্দুল গনি সিকদারের সভাপতিত্বে এ কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও প্রধান অতিথি মুঃ মুনির হোসেন।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার কারণে নিজস্ব কার্যালয় করতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তারা দলবলসহ পালিয়ে গেছে। এখন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেবে। এ দলের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। বিএনপি জনগণের দল। তারেক রহমান ও বেগম জিয়ার নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।"

 

তিনি আরও বলেন, "দেশের একটি ইসলামী দল জনগণকে বেহেশতের টিকিট বিক্রি করে সহজ-সরল এবং ধর্মপ্রাণ মুসল্লিদের ধোঁকা দিচ্ছে। এটি ইসলামকে খাটো করছে এবং একটি নিন্দিত কাজ। বেহেশত ও দোজখ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। ভালো কর্মের ফল তিনি দেবেন। এটা মানুষের হাতে নয়, আল্লাহর সন্তুষ্টির বিষয়। কোনো ব্যক্তি বা দল কাউকে বেহেশতে নিতে পারবে না। তাদের এই বক্তব্য ইসলাম ও পবিত্র কোরআন শরীফ বিরোধী। তারা মানুষকে বিভ্রান্তিতে ফেলে ভোটে জয়ী হতে চায়। এ দেশের মানুষ এখন বোকা নয়।"

 

তিনি আরও যোগ করেন, "বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ রাষ্ট্রের সাংবিধানিক সুবিধা ভোগ করবে। আর কৃষক, শ্রমিক, জেলে, তাঁতিরা তাদের ন্যায্য অধিকার পাবে।"

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ ১৫টি ইউনিয়ন ও পৌরসভার অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।



সম্পর্কিত খবর