পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কালাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৫টায় কালাইয়া এলাকায় আয়োজিত এই মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কালাইয়া বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সমবেতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।