বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ জানের সাদকা (সাদকায়ে জারিয়া) হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজি মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল পৌর শহরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ-এর বাসভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মরহুমের সন্তান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন এই গোশত বিতরণ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিতরণ কর্মসূচির সময় সামুয়েল আহমেদ লেনিন বলেন, "সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তাঁর মমতাময়ী মাকে প্রয়োজন, কর্মী হিসেবে অভিভাবক বেগম খালেদা জিয়াকে যেমন আমাদের প্রয়োজন, দেশের এই সংকটময় মুহূর্তে একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন।"
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের যে অনিশ্চিত, অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের সর্বোচ্চ ভূমিকা নেওয়া সম্ভব ১৮ কোটি মানুষের অভিভাবক বেগম খালেদা জিয়ার। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে, একজন সুস্থ খালেদা জিয়াই পারেন সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে।"
লেনিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে ও বাহিরের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছি।"
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।