বরিশাল

বাউফলে গাছ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে একটি কাঁঠাল গাছ থেকে মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত খলিল মৃধা ওই গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, খলিল মৃধা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পারিবারিক কলহের কারণে স্ত্রী ও তিন কন্যা তার সাথে থাকতেন না; তিনি তার মায়ের সাথেই বসবাস করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে খলিল তার মায়ের সাথে কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে নিলুফা বেগম নামে এক নারী বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"



সম্পর্কিত খবর