বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনের জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে তিনি এ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জনসভা উপলক্ষে ইতিমধ্যে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এলাকার বিভিন্ন পয়েন্টে মাইকিং, লিফলেট বিতরণ ও মিছিলের মাধ্যমে দলীয় প্রচারণা জোরদার করেছে জামায়াতে ইসলামী। জনসভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই এই বড় জমায়েতের আয়োজন করা হয়েছে। এদিকে আমিরের আগমন ও জনসভাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, জনসভাস্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।