বরিশাল

বাউফলে তথ্য জানতে গিয়ে সাংবাদিক হেনস্তা, ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের নিয়োগ সংক্রান্ত অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই পরিষদের সচিব মাহমুদুল হাসান ও তাঁর ভাই মইনুল ইসলাম।

 

ভুক্তভোগী সাংবাদিক রুবেল হোসেন দৈনিক ‘জনতার জমিন’ পত্রিকার বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন ইউপি সদস্যরা। সম্প্রতি পরিষদ সদস্যদের পাশ কাটিয়ে অর্থের বিনিময়ে একজন নতুন উদ্যোক্তা নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। ওই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তথ্য জানতে রুবেল হোসেন পরিষদ কার্যালয়ে গেলে সচিবের ভাই মইনুল ইসলাম তাঁর ভিডিও ধারণ শুরু করেন। এতে বাধা দিলে সচিব ও তাঁর ভাই ওই সাংবাদিকের ওপর হামলা চালান এবং তাঁর মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সচিব মাহমুদুল হাসান ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। এমনকি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

 

বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানান, সাংবাদিক হেনস্তার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

 



সম্পর্কিত খবর