পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১১টার দিকে ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। আগুনে দলীয় কার্যালয়ের আসবাবপত্র, সাইনবোর্ড এবং গুরুত্বপূর্ণ ব্যানার পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে চরমিয়াজান বাজারে অবস্থিত ওই ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এক বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে কার্যালয়ের দরজা, জানালাসহ ভেতরে থাকা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কারা এই কাজ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি, রাজনৈতিক প্রতিপক্ষ এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।"
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।