পটুয়াখালী-২ (বাউফল) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ১৫৫টি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেখানে পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ ১৭ বছর পর অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে কর্মস্থল ঢাকা থেকেও অনেক ভোটার আগের রাতে এলাকায় ফিরেছেন। ভোট প্রদান শেষে এক নারী ভোটার জানান, “দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। কেন্দ্রে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি অনুভব করিনি।”
নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ৭টি ভ্রাম্যমাণ আদালতসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাউফল থানা সূত্রে জানা গেছে, ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত অস্ত্রধারী সদস্য মোতায়েন করা হয়েছে। নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ডের টহল অব্যাহত রয়েছে।
এই আসনে মূলত বিএনপি মনোনীত শহিদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামী মনোনীত ডা. শফিকুল ইসলাম মাসুদের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দুই দলের সমর্থকরাই ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।