বরিশাল

বাউফলে যুবককে প্রকাশ্যে মারধর ও দোকান ভাঙচুর, লুটপাটের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলা নিয়ে বিরোধের জেরে মামুন (৩৩) নামে এক যুবককে প্রকাশ্যে বেধড়ক মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে টাকা লুটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের আফসেরের গ্রেজ বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খেলার সময় মামুনের ছেলের সঙ্গে সাদ্দামের (৩৫) ছেলের হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা বিষয়টি রাজনৈতিক নেতৃবৃন্দকে অবগত করেন এবং তারা মীমাংসার আশ্বাস দেন।

 

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মামুন আফসেরের গ্রেজ বাজারে গেলে সাদ্দাম ও তার দুই ভাই তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে মামুন পাশের একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও ভাঙচুর চালায় এবং দোকানের ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

প্রকাশ্যে বাজারের ভেতর এমন সন্ত্রাসী হামলায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 



সম্পর্কিত খবর