বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে দিনব্যাপী ‘পিঠা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত স্কুল প্রাঙ্গণে বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উৎসবে ঐতিহ্যবাহী ও নান্দনিকভাবে সাজানো বিভিন্ন পিঠার স্টল প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধন শেষে উপাচার্য স্টলগুলো ঘুরে দেখেন এবং গ্রামবাংলার বৈচিত্র্যময় পিঠার স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. শামছুল হক খানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।