দীর্ঘদিনের মিত্র ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। যোগদানের পরপরই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তাকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন।
ড. ফরহাদ গত কয়েক বছর ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে ২০ দিনের মাথায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে জোটের এই শীর্ষ নেতাকে ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হলো। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ড. ফরহাদ এই আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
মনোনয়ন পাওয়ার পর ড. ফরিদুজ্জামান ফরহাদ তার প্রতিক্রিয়ায় বলেন, “এই মনোনয়ন আমার জন্য নড়াইলবাসীর অধিকার, গণতন্ত্র ও ভোটের মর্যাদা রক্ষার এক গুরুদায়িত্ব। আমার রাজনীতি প্রতিহিংসার নয়, বরং ঐক্যের। নির্বাচিত হলে আমি জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করব।” তিনি আরও জানান, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কৃষি ও তরুণদের কর্মসংস্থান প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে একই সঙ্গে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকেও ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ড. ফরহাদের এই আকস্মিক যোগদান ও প্রার্থিতা পরিবর্তনের ফলে নড়াইল-২ আসনের স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।