চট্টগ্রাম প্রতিদিন

বিজয়নগরে একনলা বন্দুকসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ মো. রায়হান উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রায়হান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ধাতিয়ারা এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রায়হানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

 

র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আগ্নেয়াস্ত্রসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পর্কিত খবর