সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ মঙ্গলবার সকালে এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী ও আপসহীন ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।"
এর আগে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।