নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৪৭০ পিস ইয়াবাসহ এক চালককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. শিপন (৩১) নোয়াখালী সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে। তিনি 'বাঁধন প্লাস' পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বাস চালানোর আড়ালে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে ওই বাসে তল্লাশি চালায় অধিদপ্তরের একটি দল। এসময় শিপনের কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “বাস চালানোর আড়ালে মাদক পরিবহনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এ অভিযান চালাই। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্য সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”