দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত শুল্কমুক্ত সুবিধায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত ৩৭টি ট্রাকে এসব চালের চালান ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বন্দর সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এসব নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করেছে। আমদানিকৃত এই চালের প্রতি কেজির মূল্য পড়ছে প্রায় ৫০ টাকা। গত ১৮ জানুয়ারি সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যে চাল আমদানির অনুমতি দেওয়ার পর বেনাপোল দিয়ে বড় আকারের এই চালানটি এল।
যশোর জেলায় মোট ৪৪টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র একটি প্রতিষ্ঠান আমদানি শুরু করেছে। আগামী ৩ মার্চের মধ্যে অনুমোদিত সব চাল আমদানি করে বাজারজাত করার নির্দেশনা রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “ভারত থেকে দুই দিনে ৩৭টি ট্রাকে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল বন্দরে এসেছে। আমদানিকৃত চালের চালানগুলো দ্রুত খালাস করে বাজারে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”