যশোরের শার্শায় ছাত্রদলের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বেনাপোল পৌরসভার গাজীপুর সংলগ্ন মনসুর ম্যানসন প্রাঙ্গণে উপজেলা, পৌর এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবদুল্লাহসহ সকল ছাত্র-জনতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, "শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বৈষম্যহীন দেশ গড়তে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করে যেতে হবে।"
কর্মশালায় অন্যান্যের মধ্যে বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ বক্তব্য দেন। এছাড়া ঢাকা ও যশোর থেকে আগত ছাত্র নেতৃবৃন্দ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।