যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম ছিলেন সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।
আজ, ২৭ অক্টোবর সোমবার সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং পরে নিহতের পরিচয় শনাক্ত হয়।
আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। গত কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিল না। স্বজনেরা দাবি করেছেন, আলিমকে কেউ হত্যা করেনি, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা জানান, আলিম একজন ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন এবং কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তাঁর লাশ উদ্ধার করা হয়েছিল।