বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্র করে এবার নির্বাচন বানচাল করা যাবে না। রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ও গিলাবাড়িসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ জেগে উঠেছে এবং তারা এবার ভোট দেওয়ার পণ করেছে। বিগত বছরগুলোতে ভোটাররা অধিকারবঞ্চিত ছিলেন, তাই এবার তারা নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।” ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে জনগণের হাতে দেশ গড়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণার সময় এক সমর্থকের দেওয়া ডিম ও মাটির ব্যাংক উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ দিন।”
নিজ দলের নেতাকর্মীদের আচরণের বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনী কার্যক্রমে আমাদের ছেলেরা যদি কোনো ভুল করে থাকে, তবে তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি।” পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।