পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট না দিলে ভোটারদের ‘খুঁজে বের করার’ হুমকির দায়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে এম এ মজিদ ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ লঙ্ঘনের সত্যতা পায়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
এর আগে শাপলাকলি প্রতীকের নির্বাচনী এজেন্ট মো. নাসির উদ্দীনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তে নেওয়া হয়। আদালত তার আদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে রশিদ দাখিলের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী শাকিল আরাফাত শুভ এই রায় প্রসঙ্গে বলেন, “নির্বাচনকালীন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন আইনত দণ্ডনীয়। আদালতের এই সিদ্ধান্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”