খুলনা

ভোটের দিন বেনাপোল দিয়ে যাত্রী পারাপার বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে এই পথে যাত্রী পারাপার শুরুর পর থেকে দুর্যোগ কিংবা মহামারিকালেও কখনও ইমিগ্রেশন সেবা পুরোপুরি বন্ধ হয়নি। স্বাধীনতার ৫৫ বছরে এবারই প্রথম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার নজিরবিহীন সিদ্ধান্ত নিল সরকার। মূলত নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ রাখতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পরিপত্র অনুযায়ী বৃহস্পতিবার কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার সকাল ৬টার পর থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে জরুরি প্রয়োজনে অসুস্থ যাত্রীদের ছাড় দেওয়া হলেও এবার সব ধরনের পারাপার সম্পূর্ণ বন্ধ থাকছে।

 

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন, "নির্বাচনী নিরাপত্তার স্বার্থে উচ্চপর্যায়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার দাপ্তরিক চিঠি আমাদের দপ্তরে এসে পৌঁছেছে।"

 



সম্পর্কিত খবর