রংপুর

ভোটের মাধ্যমে সৃজনশীল সরকার গঠনের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাজনৈতিক সিদ্ধান্তের লড়াই। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের সমর্থনে আয়োজিত এই সভায় মির্জা ফখরুল বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যার মধ্য দিয়ে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। আমরা নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব।” এছাড়া এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।

 

বক্তব্যে তিনি আরও বলেন, একটি বিশেষ দল স্বাধীনতার সময় যেমন বিরোধিতা করেছিল, বর্তমানেও তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “একটি সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ফরহাদ হোসেন আজাদকে জয়যুক্ত করুন।”

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম হাফিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 



সম্পর্কিত খবর