খুলনা

ভোটের ময়দানে লেভেল প্লেয়িং ফিল্ড চায় জামায়াত: ঝিনাইদহ-৪ আসনের প্রার্থীর মতবিনিময়

ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিগত দিনের ভোট চুরির সংস্কৃতি ও সহিংসতা পরিহার করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মতবিনিময় সভায় আবু তালিব বলেন, “বিগত ৫৪ বছরে বারবার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই একটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক, যেখানে জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।”

 

সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে ইতোমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার দাবি জানান তিনি।

 

নির্বাচিত হলে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে এই প্রার্থী বলেন, “আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় সমস্যাগুলো সমাধান করব। বিশেষ করে মোবারকগঞ্জ চিনিকলকে আধুনিকায়ন করে উৎপাদনে ফিরিয়ে আনা, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং ছয় লেন রাস্তার কাজে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পাশে দাঁড়াব। এছাড়া আমরা চাদাবাজ, সন্ত্রাস ও দখলদারমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।”

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, মিডিয়া সমন্বয়ক ইকবাল হোসাইন ও উপজেলা কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান।

 



সম্পর্কিত খবর