সিলেট

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজারে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও

মৌলভীবাজার-৩ ও মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের খবরে তাঁদের বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় সংশ্লিষ্ট প্রার্থীদের বাসভবনের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

 

বিক্ষুব্ধ সমর্থকদের দাবি, জোটগত সিদ্ধান্তের কারণে প্রার্থীরা লড়াই থেকে সরে দাঁড়ালে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না।

 

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের প্রার্থী আব্দুল মান্নানের রাজনগর উপজেলার দত্তগ্রামের বাড়িতে সকাল থেকেই ভিড় করেন কয়েকশ সমর্থক। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে সক্রিয় থাকা আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন—এমন গুঞ্জনে কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

অন্যদিকে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ার পর কমলগঞ্জ উপজেলার ভাষানিগাঁও গ্রামে তাঁর বাড়িতেও অবস্থান নেন বিক্ষুব্ধ সমর্থকরা।

 

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী বলেন, “জনগণ পরিবর্তনের প্রত্যাশায় আমাদের প্রার্থীদের পক্ষে মাঠে ছিলেন। তবে জোটগত রাজনৈতিক পরিস্থিতির কারণে কেন্দ্র থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থাকলেও সাধারণ সমর্থকদের আবেগের বিষয়টিও বুঝতে পারছি।”

 



সম্পর্কিত খবর