ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে চুরির চেষ্টার সময় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম শান্ত (২৭), তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে। এ সময় তাঁর দুই সহযোগী মোটরসাইকেলে করে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বজ্রাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে আবুল হোসেনের বাড়ির প্রধান ফটক কেটে ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তি। চুরির বিষয়টি বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে শান্তকে ধরে ফেলেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, চক্রটি পুলিশের পোশাক পরে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। তারা কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শান্ত জানান, পালিয়ে যাওয়া এক সহযোগীর নাম সুমন, যাঁর বাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, "জনতার সাহসিকতায় পুলিশের ছদ্মবেশী এক চোর আটক হয়েছে। আমরা পলাতক বাকি দুই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"