চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় এয়াকুব আলীর জনসভা: ‘কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না’

খাগড়াছড়ি-২৯৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, ক্ষমতার পরিবর্তন হলেও কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না এবং কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মাটিরাঙা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী অভিযোগ করেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সবাইকে জোরপূর্বক বোরকা পরিয়ে দেওয়া হবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করতে চাই। ক্ষমতায় গেলে প্রতিটি মন্দির সংস্কার করা হবে এবং সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন ও ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আমরা একটি নিরাপদ খাগড়াছড়ি গড়তে চাই।”

 

জনসভায় এয়াকুব আলী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ সব দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে বলেন, কেউ কেউ জনবিচ্ছিন্ন হয়ে বিদেশে পাড়ি জমানোর কথা ভাবছেন, কিন্তু আমরা জনগণের পাশে থেকে দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা বা হয়রানি করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

 

এবি পার্টির জেলা আহ্বায়ক ফারজানা আলমের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি আনোয়ার হোসেন মিয়াজি, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা ঝুমা, জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মুমেন এবং এনসিপির জেলা আহ্বায়ক নূর আলম। বক্তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



সম্পর্কিত খবর