নরসিংদীর মাধবদীতে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইদের মারধরে রমজান আলী (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক এবং চার কন্যাসন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে তাকে বারবার মাদক পরিহারের অনুরোধ করা হলেও তিনি তা মানতেন না। রোববার রাতে মাদক সেবনের বিষয়টি নিয়ে ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাই তাকে লাঠিসোটা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, "আমার স্বামীর চার মেয়ে রয়েছে, ছোট শিশুটির বয়স মাত্র এক বছর। মাদক নিয়ে ঝগড়ার জেরে আমার দেবররা তাকে মেরে ফেলেছে।"
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, মাদক নিয়ে পারিবারিক কলহের জেরে ভাইদের আঘাতে রমজান আলীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।"