চট্টগ্রাম প্রতিদিন

মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্বশত্রুতার জেরে মো. বেলাল হোসেন (৪২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পুলিশের বিশেষ অভিযানে তিনটহরী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— তিনটহরী এলাকার বাসিন্দা মো. রাশেদুল ইসলাম হীরা (৩০) ও মো. জামাল উদ্দিন (৩২)।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি তিনটহরী এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বেলাল হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তাঁরা বেলালকে জাপটে ধরেন এবং হত্যার উদ্দেশ্যে চায়ের কাপ ভেঙে তা দিয়ে গলার বাম পাশে ও কানের নিচে গুরুতর জখম করেন। আহত বেলালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. কাউছার বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম জানান, মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।



সম্পর্কিত খবর