ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ৩৪ জন প্রার্থী। যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে জেলা নির্বাচন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। আজ বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরের ছয়টি আসনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ১১ জনের মনোনয়ন বাতিল হয়। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী তাঁদের আবেদন তুলে নেন। প্রত্যাহারকারীরা হলেন—যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৩ আসনে এনসিপির খালেদ সাইফুল্লাহ এবং যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ।
চূড়ান্ত প্রার্থীর তালিকায় যশোর-১ (শার্শা) আসনে ৪ জন, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ৭ জন, যশোর-৩ (সদর) আসনে ৬ জন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ৭ জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৫ জন এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), সাবিরা সুলতানা (যশোর-২) এবং জামায়াতে ইসলামীর মো. আজীজুর রহমান (যশোর-১)।
যশোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, বুধবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন। তিনি আরও বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যশোরের ছয়টি আসনে মোট ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৮২৪টি ভোটকেন্দ্রে ১৪ হাজার ৮৬১ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।