যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় ট্রাকের চাপায় শিপন হোসেন (৪৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বাহাদুরপুরের বাঁশতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন হোসেন যশোর শহরের খড়কী এলাকার বাসিন্দা এবং মৃত মোর্শেদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং বর্তমানে সদর উপজেলার হাশিমপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিপন হোসেন সাইকেলে করে হাশিমপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। বাঁশতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৬১৭৮) বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।