খুলনা

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। এসময় একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, মাথায় সরাসরি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, "খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।"



সম্পর্কিত খবর