খুলনা

যশোরে ভোটের প্রস্তুতি চূড়ান্ত, কাল শেষ হচ্ছে প্রচারণা

যশোরের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এর পরপরই ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ১৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে কেন্দ্রগামী রাস্তাঘাট সংস্কারের কাজও শেষ হয়েছে।

 

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৭১ জন পুলিশ সদস্যের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ স্থাপন করা হয়েছে, যা ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে সরাসরি তদারকি করা হবে।”

 

সভায় আরও জানানো হয়, ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় থাকবে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন দিন জেলায় জরুরি সেবা ছাড়া সব প্রকার মোটরসাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।



সম্পর্কিত খবর