সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতা দখল ও লুটপাটের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিকে গ্রাস করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা সংলগ্ন বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
১১-দলীয় জোট সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী রাকীবুল ইসলামের সমর্থনে আয়োজিত সভায় মাওলানা মামুনুল হক বলেন, “দেশের রাজনীতিতে দুটি ‘ভূত’ সওয়ার হয়েছে—একটি সন্ত্রাস ও গুন্ডামিতন্ত্র, অন্যটি দুর্নীতি ও লুটপাটতন্ত্র। ১৭ বছর ধরে তথাকথিত উন্নয়নের গণতন্ত্রের নামে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও শাসকের পরিবর্তন হলেও সাধারণ মানুষের শোষণ কমেনি। আগে শাসকেরা চুরি করে সম্পদ নিয়ে যেত, আর বর্তমান শাসকেরা বিদেশে টাকা পাচার করছে। দুর্নীতির এই ধারা বন্ধ করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের শিবপুর উপজেলা সভাপতি আব্দুল বাসেদ কাসেমীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার।