নওগাঁর রাণীনগরে একটি জুয়ার আসর থেকে তিনজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার চককুতুব গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ তাঁদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চককুতুব গ্রামে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। পরে রাতেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন অপরাধীদের দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চককুতুব গ্রামের রাকিব হোসেন (২৮) এবং নওগাঁ সদর উপজেলার আবুল হোসেন (৪২)। এই দুজনকে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া উত্তর রাজাপুর গ্রামের এনামুল হক (২৬)-কে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “উপজেলাকে অপরাধমুক্ত করতে এবং মাদক ও জুয়া নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”