রাজশাহী

রাণীনগরে ধানের শীষের সমর্থনে বিএনপির বিশাল গণমিছিল

নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলামের সমর্থনে সোমবার বিকেলে রাণীনগরে বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

 

বিকেলে উপজেলা সদরের এছাহক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম বলেন, “রাণীনগর-আত্রাই এলাকাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখা জরুরি এবং সাধারণ ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত।

 

আয়োজকরা জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে। কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা সদরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

 



সম্পর্কিত খবর