নওগাঁর রাণীনগরে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যবাহী ‘বয়লাগাড়ি’ মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের পূর্ব মাঠে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা শত বছরের ঐতিহ্য ধরে রেখে কনকনে শীতের মধ্যেও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
মেলার প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির সব মাছ। স্থানীয় প্রথা অনুযায়ী, মেলায় বড় মাছ কেনার জন্য জামাইদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়। সিহাব নামের এক দর্শনার্থী জানান, শ্বশুরবাড়িতে মেলা উপলক্ষে এসে তিনি ১৫ হাজার ৫০০ টাকায় ১৭ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ কিনেছেন। মেলার দ্বিতীয় দিন বুধবার কেবল নারীদের উপস্থিতিতে ‘বউ মেলা’ অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটে।
সরেজমিনে দেখা যায়, মেলায় নিত্যপ্রয়োজনীয় গৃহসামগ্রী, হরেক রকমের মিষ্টি, মেয়েদের প্রসাধনী ও শিশুদের খেলনার কয়েকশ দোকান বসেছে। বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড মেলায় আসা হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে। রাণীনগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এই উৎসবে যোগ দেন।
মেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু বলেন, "স্থানীয় ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর আমরা এই মেলার আয়োজন করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই প্রাঙ্গণ একটি মিলনমেলায় পরিণত হয়।" স্থানীয়দের মতে, শত বছর পূর্বে শুরু হওয়া এই মেলাটি অত্র অঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন গ্রামীণ উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে।