ঢাকা

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধের জেরে রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য মমতাজ বেগমের স্বামী। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাজিপুরা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের পরিবারের দাবি, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা তুচ্ছ বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পর্কিত খবর