রাজশাহী

লক্ষ্যমাত্রা ছাড়াল ক্ষেতলালের সরিষা আবাদ, বাম্পার ফলনের আশা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চলতি মৌসুমে সরিষার আবাদে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এবার এই তেলবীজ ফসলের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা।

 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ১ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯০৫ হেক্টর জমিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ২৪৫ হেক্টর। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ সম্পন্ন হয়েছে এবং মাঠজুড়ে এখন সরিষার হলদে ফুল শোভা পাচ্ছে।

 

কম খরচে অধিক লাভ এবং স্বল্প সময়ে ঘরে তোলা যায় বলে কৃষকরা এখন সরিষা চাষে বেশি আগ্রহী হচ্ছেন। বিশেষ করে আমন ধান কাটার পর এবং বোরো আবাদের আগে মধ্যবর্তী সময়ে জমি ফেলে না রেখে সরিষা চাষ করছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের মতে, উন্নত জাতের বীজ এবং কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ পাওয়ায় এবার পোকামাকড় ও রোগের প্রকোপ অনেকটাই কম।

 

ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, "ভোজ্যতেলের ওপর আমদানিনির্ভরতা কমাতে আমরা কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি। কৃষি বিভাগ থেকে উন্নত বীজ সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা বাজারে ভালো দাম পাবেন বলে আমরা আশাবাদী।"

 

স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে সরিষা চাষ এক নতুন প্রাণের সঞ্চার করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফসল ঘরে তুলতে শুরু করবেন উপজেলার কৃষকরা।



সম্পর্কিত খবর