চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ডলুকুল এলাকা থেকে তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত মো. আলমগীর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সকালে স্থানীয়রা রেললাইনের ওপর এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয় এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, "সকালে এই রুটে দুটি ট্রেন চলাচল করেছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।"
কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।