খুলনা

লোহাগড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

নড়াইলের লোহাগড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা গেট চত্বরে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।" এসময় তিনি আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহউদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান এবং জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন।

 

বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে নড়াইল-২ আসনের সার্বিক উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

পৌর কৃষকদলের সভাপতি শরীফ নাজমুল হুদা ও নেতা কবির হোসেনের সঞ্চালনায় সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লবসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



সম্পর্কিত খবর