নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে গাড়ি ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দিঘলিয়া তেলপাম্প সংলগ্ন কবরস্থান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত চালক দুলু শেখ (৪৫) দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত চালক ও তাঁর পরিবার জানায়, রোববার বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার কথা বলে রাজুপুর গ্রামের রাকিব মন্ডলসহ (২৮) ৪-৫ জন ব্যক্তি দুলু শেখের ইজিবাইকটি ভাড়া নেন। ইজিবাইকটি দিঘলিয়া তেলপাম্প এলাকার নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা এবং আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় মুজিবর শেখ, আবু সাইদ শেখসহ আরও কয়েকজন দুলুকে ঘিরে ধরেন। এসময় তাঁরা ধারালো অস্ত্র ও রড দিয়ে দুলুকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ইজিবাইক এবং চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, "ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" এ ঘটনায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।