খুলনা

লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলে তিন ফসলি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিল এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ প্রান্তিক কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের অন্তত এক হাজার একর জমি অবৈধভাবে দখল করে কোথাও মাটি ভরাট করেছেন, আবার কোথাও খনন করে মাছের ঘের তৈরি করেছেন। বাঁধ নির্মাণের ফলে বিলের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় মোচড়া ও গন্ধবাড়িয়াসহ আশপাশের গ্রামের প্রায় ১০০ কৃষকের ধান, পাট ও রবিশস্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে।

 

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মান্নান মোল্যা, মঈনউল হাসান রাজু, পলি বেগম ও রিয়াজুল আলমসহ অনেকে। বক্তারা বলেন, রফিক শেখ অনেকের বসতভিটা ও যাতায়াতের পথও জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। এটি কৃষি জমি সুরক্ষা আইনের পরিপন্থী। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কৃষি জমি রক্ষার দাবি জানান।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিক শেখ দাবি করেন, “আমি কোনো জমি জোর করে দখল করিনি। জমি কিনে এবং লিজ নিয়েই মাছের ঘের তৈরি করেছি।”

 

লোহাগড়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন কৃষকরা।

 



সম্পর্কিত খবর