খুলনা

শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন, প্রশাসনের তদন্ত শুরু

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে দলটি।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গভীর রাতে পরিকল্পিতভাবে লক্ষণপুর ইউনিয়নে প্রার্থীর অন্তত ছয়টি বড় ব্যানার ও বেশ কিছু পোস্টার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে ভস্মীভূত পোস্টার দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন। নির্বাচনী এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যেই এমন অপতৎপরতা চালানো হচ্ছে বলে দাবি তাদের।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, “পরিকল্পিতভাবে এলাকায় দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে রাতের আঁধারে আমাদের প্রার্থীর ছয়টি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, শিকারপুর ও লক্ষণপুর এলাকায় ব্যানার পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পর্কিত খবর